পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে অবস্থিত ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রাদেশিক সরকার। সরকারি ক্রীড়া স্থাপনার নাম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নামে না রাখার নীতির ভিত্তিতে মাঠটির আগের নাম ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি জানান, স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করতে প্রাদেশিক ক্রীড়া বিভাগকে বলা হয়েছে। তবে নতুন করে কী নাম নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
গভর্নর বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত ক্রীড়া স্থাপনাগুলোর নাম কোনো রাজনৈতিক দলের নেতা বা ব্যক্তির নামে রাখার পক্ষে নয় সরকার। এ সময় তিনি প্রয়াত আরবাব নিয়াজ মুহাম্মদের অবদানের কথা স্মরণ করেন। তার মতে, আরবাব নিয়াজ ছিলেন প্রদেশের একজন সম্মানিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
উল্লেখ্য, স্টেডিয়ামটি দীর্ঘদিন ধরে আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত ছিল। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন প্রাদেশিক মন্ত্রিসভা মাঠটির নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম রাখার অনুমোদন দেয়। একই বছরের এপ্রিলে পুনর্নির্মাণকাজ চলাকালে নতুন নামটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়।
তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়নি আরবাব নিয়াজের পরিবার। নাম পরিবর্তনের বিরোধিতা করে পরিবারের সদস্যরা আইনি পদক্ষেপ নেন। ২০২৬ সালের মার্চে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পেশোয়ার হাইকোর্টে আবেদন করা হয়। পরে আদালত এ বিষয়ে প্রাদেশিক সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন।
১৯৮৪ সালে নির্মিত স্টেডিয়ামটিতে একসময় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মিত আয়োজন হতো। পাকিস্তান ও ভারতের মধ্যকার ওয়ানডে ম্যাচের মাধ্যমে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে এখানে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়। এরপর প্রায় দুই দশক পার হলেও মাঠটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।