১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড় রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন ঠিকানায় বাংলাদেশি ‘ভিসা আবেদন কেন্দ্র’ চালু করতে চলেছে বাংলাদেশ সরকার। শুধু তা-ই নয়, ভিসা সহায়তা প্রদানের জন্য আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস’ (এসজিজিএস) নামক একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানকে নিয়োগ প্রদান করেছে।
এই নিয়োগের প্রেক্ষিতে চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস’ নামক সংস্থাটি কলকাতা ও শিলিগুড়িতে তাদের ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (ভিএসি) পরিচালনা করবে। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কলকাতায় ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’-এর নতুন ঠিকানা হলো—সিমসিস টাওয়ার, সল্টলেক সেক্টর-৫, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, কলকাতা-৯১। অন্যদিকে, শিলিগুড়ির ক্ষেত্রে ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’-এর নতুন ঠিকানা হলো—সেবক রোড, সিটি মল, প্রথম তল, দার্জিলিং-৭৩৪০০১।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। তাতে ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিসা আবেদনপ্রার্থীদের এই দুটি সেন্টার থেকে সুবিধাজনকভাবে বাংলাদেশ ভিসার আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশি ভিসা আবেদনের জন্য এর আগে কলকাতা ও শিলিগুড়িতে ‘ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’-এর দায়িত্ব ছিল ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ নামে একটি স্বতন্ত্র সংস্থার ওপর। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ওই স্বতন্ত্র সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি রয়েছে। কিন্তু সেই চুক্তি পুনরায় নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে ক্ষেত্রে নতুন এই সংস্থার সঙ্গে চুক্তি হলো বাংলাদেশ সরকারের।