ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
সংগৃহীত
ফ্রান্স ও ইতালির সীমান্তে অভিবাসীদের চলাচল নজরদারিতে ড্রোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে আদালত। গত অক্টোবরের শেষ দিকে ফ্রান্সের আল্প-মারিতিম প্রিফেকচুরের জারি করা কয়েকটি আদেশও বাতিল করেছেন আদালতের বিচারকরা।
২০২৩ সালের মে মাস থেকে ইতালি থেকে স্থলপথে ফ্রান্সে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সহজে আটক করতে এ ধরনের ড্রোন ব্যবহার করে আসছে পুলিশ। ফ্রান্স ও ইতালির সীমান্ত পায়ে হেঁটে পার হওয়ার সময় পুলিশের নজর এড়াতে অভিবাসীরা ক্রমেই দুর্গম পথ বেছে নিচ্ছেন। এমন একটি পথের নাম ‘পা দ্য লা মোর’।
এটি এ৮ মহাসড়ক ও মন্তোঁ শহরের ওপর দিয়ে চলে গেছে। পথটি খাড়া পাহাড়ের কিনারা ঘেঁষে আঁকাবাঁকাভাবে বিস্তৃত। ফ্রান্স ও ইতালির মধ্যকার ১১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে এ ধরনের আরও অনেক বিপজ্জনক পথ রয়েছে।
ফ্রান্স-ইতালি সীমান্তে অনিয়মিত অভিবাসন ঠেকানোর দায়িত্বে থাকা কমিশনার গিয়োম আরমঁ বলেন, ‘‘এই সীমান্তজুড়ে রয়েছে খাড়া পাহাড়, গভীর খাদ, সমুদ্র, নদী ও বিপজ্জনক পাহাড়ি পথ। এ ছাড়া কখনো কখনো মানবপাচারকারীরা অভিবাসীদের মহাসড়কের পাশে নামিয়ে দেন। সেখান থেকে তারা ব্যস্ত সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এটি অত্যন্ত বিপজ্জনক।’’
• ড্রোনের সহায়তায় দেড় হাজার অভিবাসী আটক
সীমান্ত নজরদারির জন্য ২০২৩ সালের মে মাস থেকে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেয় ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য সীমান্ত পুলিশের সদস্যরা ক্যামেরা সংযুক্ত ড্রোন ব্যবহার করে দুর্গম এলাকাগুলো পর্যবেক্ষণ করেন। এর উদ্দেশ্য হলো, অনিয়মিতভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা শনাক্ত করা এবং অভিবাসীরা যে এলাকায় অবস্থান করছেন, সেখানে পুলিশ সদস্যদের পাঠানো।
বিজ্ঞাপন
এই পদ্ধতি চালুর পর থেকে শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। ফ্রান্স ৩ প্রোভঁস-আলপ-কোত দাজ্যুরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে ১ হাজার ৫০০ অভিবাসীকে আটক করা হয়।
জেলার প্রিফেকচুরের দেওয়া হিসাব থেকে এ সংখ্যা পাওয়া গেছে। কর্তৃপক্ষের হিসাবে, প্রতি বছর আটক হওয়া ব্যক্তিদের ১০ থেকে ১২ শতাংশ স্থলপথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। গত বছর মোট ১৫ হাজার অভিবাসীকে আটক করা হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান কমিশনার গিয়োম আরমঁ। তিনি ডিআইপিএন০৬-এর সীমান্ত পুলিশের উপপরিচালকের দায়িত্বেও রয়েছেন।
২০২৩ সাল থেকেই ফরাসি কর্তৃপক্ষ সীমান্ত এলাকার দুর্গম পরিস্থিতির কথা উল্লেখ করে আসছে। তাদের ভাষ্য, ওই এলাকায় অনেক পাহাড়ি পথ রয়েছে, যেগুলো ব্যবহার করে অনিয়মিত অভিবাসন ঠেকানোর জন্য নেওয়া ব্যবস্থা এড়িয়ে যাওয়া সম্ভব। ফলে আকাশ থেকে গতিশীল নজরদারির ব্যবস্থা ছাড়া ‘অনিয়মিতভাবে সীমান্ত পার হওয়া ঠেকানো কার্যত অসম্ভব’।
তবে আইনগতভাবে ড্রোন দিয়ে এসব এলাকায় নজরদারি চালাতে হলে প্রিফেকচুরের আনুষ্ঠানিক আদেশ জারি করা প্রয়োজন। এ কারণে ২০২৩ সালের ১১ মে থেকে আল্প-মারিতিমের প্রেফে প্রায় ধারাবাহিকভাবে এ ধরনের আদেশ জারি করে আসছেন।
এসব আদেশের আওতায় ব্রেইল-সুর-রোয়া, সোসপেল ও কাস্তেলার, মন্তোঁ এবং কাস্তিয়োঁ এলাকায় ড্রোন দিয়ে নজরদারির অনুমতি দেওয়া হয়। পাশাপাশি তঁদ থেকে লা তুরবি পর্যন্ত কয়েকটি এলাকাকে ‘গৌণ’ নজরদারি অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়। এ ব্যবস্থার আওতায় জেলার প্রায় ৪০ হাজার মানুষ পড়েন, যা ওই জেলার মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।
• আদালতে মামলা
তবে ড্রোনের মাধ্যমে নজরদারির কারণে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে কয়েকটি মানবাধিকার ও সহায়তাকারী সংগঠন আদালতের দ্বারস্থ হয়। এর মধ্যে রয়েছে মানবাধিকার সংস্থা লিগ দে দ্রোয়া দ্য লোম (এলডিএইচ), বিদেশিদের জন্য জাতীয় সীমান্ত সহায়তা সংস্থা (আনাফে) এবং এমাউস রোয়া সংগঠনের সহপ্রতিষ্ঠাতা মারিওঁ গাশে ও সেদ্রিক হেরু।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর নিসের প্রশাসনিক আদালত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা দুটি আদেশ বাতিল করেন।
আবেদনকারীদের অভিযোগ, ‘‘সীমান্ত নজরদারি এবং মাটিতে দায়িত্ব পালনকারী কর্মীদের সহায়তার কথা বলে এসব আদেশ জারি করা হলেও বাস্তবে এগুলোর মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এবং অতিরিক্ত বিস্তৃত ভৌগোলিক এলাকায় নজরদারির সুযোগ তৈরি হয়েছিল।’’
তবে আদালত সীমান্তে নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেননি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘‘অভিবাসীদের আগমনের সংখ্যা কমে যাওয়ার কথা বলা হলেও ২০১৫ সাল থেকে সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহাল থাকা সত্ত্বেও ফ্রান্সের সীমান্তে অনিয়মিতভাবে প্রবেশের ঘটনা এখনো উচ্চপর্যায়ে রয়েছে।’’
তবে বাতিল করা দুটি আদেশের ক্ষেত্রে আদালত মনে করেন, ব্যক্তিগত গোপনীয়তার ওপর এর প্রভাব ‘প্রয়োজনীয় নয় এবং অসামঞ্জস্যপূর্ণ’। কারণ, নজরদারির জন্য নির্ধারিত এলাকাগুলোর মধ্যে ওলিভেত্তা, ফাঙ্গেত্তো এবং সোসপেল ও ব্রেইল-সুর-রোয়া রেলস্টেশনের মতো অনুমোদিত সীমান্ত পারাপারের স্থানও অন্তর্ভুক্ত ছিল।
অন্যদিকে, মন্তোঁ এলাকার জন্য জারি করা আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারকের মতে, প্রচলিত সীমান্ত পারাপারের স্থান এবং ‘পা দ্য লা মোর’-এর মতো বিকল্প দুর্গম পথগুলো একই সঙ্গে নজরদারির জন্য সীমান্তে পর্যাপ্ত পুলিশ সদস্য নেই।
রায় ঘোষণার পর আল্প-মারিতিম প্রিফেকচুর জানিয়েছে, ড্রোন ‘ফোর্স ফ্রঁতিয়ের ০৬’-এর কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। আইন অনুযায়ী নির্ধারিত শর্ত মেনেই এসব ড্রোনের ব্যবহার অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইনফোমাইগ্রেন্টস।