মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

ছবিঃ সংগৃহীত।

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত আলাল উদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে জীবিকার তাগিদে আলাল উদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান।সেখানে ভালোভাবেই চলছিল তার প্রবাস জীবন। বুধবার দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলাল।  

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।

নিহত আলাল উদ্দিনের ছোট ভাই জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারে সচ্ছলতা আনার জন্য প্রায় চার মাস আগে বড় ভাই আলাল উদ্দিন মালয়েশিয়া যায়।

কিন্তু দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় পুরো পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। দ্রুত লাশ ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করেন তিনি।