মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস
সংগৃহীত ছবি
আগারগাঁও থেকে মিরপুর-১০ অংশে মেট্রোরেলের পিলারে আঁকা জুলাইয়ের গ্রাফিতির মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বুধবার (২৫ নভেম্বর) ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সবাইকে ভাগবাটোয়ারার পর যে সামান্য অর্থ অবশিষ্ট ছিল, তা দিয়েই গ্রাফিতিগুলো করা হয়েছে।
সারজিস জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগকে প্রথমে তারা সাধুবাদ জানালেও সরেজমিনে গ্রাফিতি দেখে হতাশ হয়েছেন। তার ভাষ্য, যাদের ছবি আঁকা হয়েছে, তারা নিজেরা দেখলে লজ্জায় মুখ লুকাতেন। এমনকি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বা শহীদ আবু সাঈদও নিজেদের দেখে চিনতে পারতেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। জুলাইয়ের চেতনার বদলে এসব গ্রাফিতিতে বিএনপির দলীয় স্তুতি বেশি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লেখার ধরন, রঙের মান ও কাজের দুর্বলতা তুলে ধরে এই এনসিপি নেতা লেখেন, কাজগুলো স্মৃতিচারণের চেয়ে হাসির খোরাক হয়েছে। সুযোগ পেলে হয়তো পুরো টাকাই আত্মসাৎ করা হতো—এমন মন্তব্য করে এটিকে বিএনপির উন্নয়নের উদাহরণ বলে কটাক্ষ করেন তিনি। তার মতে, দরপত্র ও স্থানীয় পর্যায়ে ভাগবাটোয়ারার পর যা থাকে তাতে মানসম্মত কাজ হয় না। অথচ শেরে বাংলা নগরে অন্তর্বর্তী সরকারের সময়ে করা গ্রাফিতিগুলো হৃদয় ছুঁয়ে যায়।