চাকরির পেছনে না ছুটে কর্মসংস্থান তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর
সংগৃহীত
প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘কাউন্সিল অব এমআইএসটি’-এর ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের সমস্যার সমাধান, বিদ্যমান ব্যবস্থার উন্নতি সাধন এবং অন্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টির জন্য কাজ করতে হবে। বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির যুগে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, সামনে এগিয়ে যেতে এমন দক্ষ পেশাজীবীর প্রয়োজন, যারা প্রযুক্তিগতভাবে যোগ্য হওয়ার পাশাপাশি সৎ, উদ্ভাবনী এবং দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন; যেখানে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী হবে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি। এখন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।’ শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং তরুণ প্রজন্মকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের উপযোগী করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
ভবিষ্যতের প্রকৌশলী ও পেশাজীবীদের সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থান খুঁজে পাওয়া অনেক সময় বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। তাই শুধু প্রচলিত চাকরির চিন্তায় সীমাবদ্ধ না থেকে নিজের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন, ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মের দক্ষতা ও ধারণাগুলো নতুন শিল্প গড়ে তুলতে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।