পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন

পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন। ছবি: সংগৃহীত

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাবারের চাহিদা পূরণে দেশটির তিয়ানগং মহাকাশ স্টেশনে ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের ব্যবস্থা করেছে চীন।

মেনুতে রয়েছে বাটার চিকেন, গরুর মাংসের নিহারি, খাসির কোরমা ও মসলা দিয়ে রান্না করা ছোলাসহ নানা পদ।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পাকিস্তানি নভোচারীর খাদ্যাভ্যাস, ধর্মীয় বিধান ও সাংস্কৃতিক পছন্দ বিবেচনায় নিয়ে এ বিশেষ খাবারের তালিকা তৈরি করেছে চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক দল।

বিশেষ এই মেনুতে পাকিস্তানি ধাঁচের সাত ধরনের নতুন মহাকাশ উপযোগী খাবারও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গরুর মাংসের নিহারি, খাসির কোরমা, বাটার চিকেন ও কারি ছোলা।

খাবার তৈরির পুরো প্রক্রিয়ায় হালাল বিধিনিষেধ অনুসরণ করা হয়েছে। খাবারের স্বাদ, পুষ্টিমান এবং মহাকাশে খাওয়ার উপযোগিতা নিশ্চিত করতে গবেষকেরা একাধিকবার পরীক্ষা করেছেন এবং রেসিপিতে প্রয়োজনীয় পরিবর্তন এনেছেন।

চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক চেন জুনলি জানান, খাবার তৈরির সময় পাকিস্তানিদের হলুদ ও কারির মতো মসলার প্রতি বিশেষ পছন্দের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের ক্ষেত্রে নভোচারীদের পুষ্টি ও খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধর্মীয় বিধান ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাবারের ব্যবস্থা করার মাধ্যমে পাকিস্তানি নভোচারীর মহাকাশযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চায় চীন।

 

সূত্র: সিজিটিএন