যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা-সিরিজ ছড়িয়ে দিতে কাজ করবে চরকি-টোস্টার

যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা-সিরিজ ছড়িয়ে দিতে কাজ করবে চরকি-টোস্টার

ফাইল ছবি

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি তার পথচলার পাঁচ বছরে দর্শকদের উপহার দিয়েছে ‘উনলৌকিক’, ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’, ‘অ্যালেন স্বপন’-এর মতো আলোচিত সিরিজ। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ ২০’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’-এর মতো ফিল্ম দর্শকদের কাছে হয়েছে তুমুল জনপ্রিয়। পাশাপাশি সিনেমা হলের জন্য নির্মিত ‘তুফান’, ‘সুড়ঙ্গ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘দম’-এর মতো দেশ-বিদেশে জনপ্রিয় চলচ্চিত্রগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পর দেখা যাচ্ছে চরকিতেই।

এসব ফিল্ম-সিরিজসহ আরও অনেক কনটেন্ট চরকিতে যখনই মুক্তি পেয়েছে, তখনই দেশের দর্শকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা আনন্দ নিয়ে উপভোগ করেছেন কনটেন্টগুলো। বাংলাদেশের কনটেন্ট দেখার জন্য চরকি অল্প সময়ে তাদের কাছে হয়ে উঠেছে আস্থার প্ল্যাটফর্ম।

প্রবাসী বাংলাদেশীরা যেন কনটেন্টগুলো আরও সহজে দেখতে পারেন সেজন্য নতুন পদক্ষেপ নিয়েছে চরকি। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি দর্শক রয়েছেন, যাঁরা নিয়মিত দেশীয় কনটেন্ট দেখতে আগ্রহী। এই দর্শকদের কাছে চরকির সমৃদ্ধ কনটেন্ট ভান্ডার আরও সহজে পৌঁছে দেওয়া এবং সেখানে বাংলা কনটেন্টের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগে চরকির সঙ্গে যুক্ত হয়েছে ‘টোস্টার প্রোডাকশন’।

‘টোস্টার প্রোডাকশন’ যুক্তরাষ্ট্রে চরকির ‘ইউএস কমার্শিয়াল অ্যাসোসিয়েট’ হিসেবে কাজ করবে। সেখানকার বাজারে চরকির ফিল্ম-সিরিজ প্রচার, বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে প্রতিষ্ঠানটি। 

যুক্তরাষ্ট্রের বাজারে চরকির এই নতুন যাত্রা প্রসঙ্গে টোস্টার প্রোডাকশনের সিইও ও অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, ‘দেশের বাইরে আমরা যারা থাকি, তারা জানি দেশের কোনো কনটেন্ট দেখার জন্য আমরা কতটা মুখিয়ে থাকি। প্রবাসীদের এই চাহিদা চরকি দীর্ঘদিন ধরেই পূরণ করে আসছে। আমাদের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বাঙালি ও অবাঙালি দর্শকদের কাছে চরকিকে আরও সহজে এবং আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া।’

নোভা ফিরোজ আরও জানান, যুক্তরাষ্ট্রের বাজারে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি, পার্টনারশিপসহ ব্যবসা সম্প্রসারণেও টোস্টার প্রোডাকশন কাজ করবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এই উদ্যোগকে বাংলা কনটেন্টের বৈশ্বিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে চরকির কার্যক্রমকে আরও দৃঢ় করার মধ্য দিয়ে আমরা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছি। এর ফলে সেখানকার দর্শকরা আরও সহজে এবং নিজেদের পছন্দ অনুযায়ী চরকির কনটেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।’

যুক্তরাষ্ট্রের বাজারে এই নতুন উদ্যোগের মাধ্যমে চরকি প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকদের বিনোদনের চাহিদা পূরণের পাশাপাশি বাংলা কনটেন্টের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, অংশীদারত্ব তৈরি এবং বৈশ্বিক বাণিজ্যিক পরিসরে বাংলা বিনোদনশিল্পের সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখতে চায়।