সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও একই এলাকার আব্দুর রহিম (২৬)।
এসআরবি-৬-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দস্যুতায় ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম তাদের খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কেও তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার দুজন ও পলাতক সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।