বিমানবন্দরে তার চুরির চেষ্টায় বাধা দেওয়ায় আনসার সদস্য আহত, আটক ১

বিমানবন্দরে তার চুরির চেষ্টায় বাধা দেওয়ায় আনসার সদস্য আহত, আটক ১

প্রতিকি ছবি

বরিশাল বিমানবন্দরের রানওয়েতে ঘাস কাটার আড়ালে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার সময় বাধা দেওয়ায় এক আনসার সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বিমানবন্দরের রানওয়ের ২৫ নম্বর সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিন হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আহত আনসার সদস্য মিঠু হালদার (৩৫) পিরোজপুরের নাজিরপুর এলাকার ধীরেন্দ্র হালদারের ছেলে। তাঁর হাতের বৃদ্ধাঙ্গুল গুরুতর জখম হয়েছে। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক রুহুল আমিন হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার মোতাহের হোসেন হাওলাদারের ছেলে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় জানান, শুক্রবার সকালে আনসার সদস্য মিঠু দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি বিমানবন্দরের ভেতরে এক ব্যক্তিকে বৈদ্যুতিক তার কাটতে দেখেন। বাধা দিলে ওই ব্যক্তি সঙ্গে থাকা কাঁচি দিয়ে মিঠুকে আঘাত করে পালিয়ে যান। পরে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। এরপর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আনসার সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, বিমানবন্দরের ভেতরে ছয় মাস ঘাস কাটার কাজের জন্য ৬০ জনের কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়েছে। এ অর্থ বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় ও নিরাপত্তা কর্মকর্তা মন্মথ সরকার নিয়েছেন বলে অভিযোগ তাঁর। তাঁর আরও দাবি, কোনো ধরনের তল্লাশি ছাড়াই ঘাস কাটার শ্রমিকেরা নিয়মিত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার সকালেও কয়েকজন ঘাস কাটার জন্য বিমানবন্দরে প্রবেশ করেন। তাঁদের মধ্যে রুহুল আমিন বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করলে দায়িত্ব পালনরত আনসার সদস্য বাধা দেন। এ সময় তাঁকে কুপিয়ে আহত করা হয়।

অভিযোগ রয়েছে, এর আগেও বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনীর ভেতরে চুরির চেষ্টা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর রানওয়ের পাশের নালা ঢেকে রাখা লোহার রডের জালি চুরির চেষ্টার সময় ট্রলিসহ একজনকে আটক করা হয়।

তবে ঘাস কাটার জন্য অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়। তিনি বলেন, এটি অপপ্রচার। তবে বিমানবন্দরে প্রায়ই চুরির চেষ্টা হয়। গত ১১ মাসে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ১০ থেকে ১২ জন চোরকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মন্মথ সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।