ফেসবুকে ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে পড়ার পর স্বামীসহ আটক নারী

ফেসবুকে ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে পড়ার পর স্বামীসহ আটক নারী

প্রতিকি ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে ভাড়া বাসায় ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্বামীসহ পুলিশের হাতে আটক হয়েছেন ফাতেমা আক্তার প্রিয়া (২৫) নামে এক নারী। 

এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে ফরিদগঞ্জ থানা-পুলিশ। এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার এ আর পাইলট উচ্চবিদ্যালয়ের পেছনে একটি আবাসিক এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তাঁর স্বামী রাকিবুল হাসান (৩৮)। সম্প্রতি তাঁরা ফরিদগঞ্জ শহরে এসে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা শুরু করেন বলে পুলিশের দাবি।

পুলিশ জানায়, নিজ ঘরে ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন ফাতেমা আক্তার প্রিয়া। দীর্ঘদিন ধরে প্রিয়া ও তাঁর স্বামীর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও ছিল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা-পুলিশের একটি দল ওই ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় প্রিয়া ও তার স্বামী রাকিবুল হাসানকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।