যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

সংগৃহীত ছবি

ইসরাইলি সামরিক বাহিনীর ভোররাতের এক বিমান হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়া ও তার পরিবার। 

শুক্রবার (২৭ নভেম্বর) সংঘটিত এই হত্যাচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে বাসেম নাইম জানান, ভোরের ওই হামলায় ইজ্জেলদিন ও তার পরিবারের সদস্যরা অক্ষত থাকলেও হামাসপ্রধানের পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। হামলার বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একমাত্র জীবিত সন্তান ও পরিবারের ওপর আঘাত

বাসেম নাইম উল্লেখ করেন, ১৯৯৭ সালে জন্ম নেয়া ইজ্জেলদিনই বর্তমানে হামাসপ্রধান খলিল আল-হাইয়ার একমাত্র জীবিত ছেলে; তার অন্য চার ছেলে আগেই ইসরাইলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। শুক্রবারের ওই অভিযানে খলিল আল-হাইয়ার প্রয়াত এক ছেলের পরিবারও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।

উল্লেখ্য, ইজ্জেলদিন ছিলেন হামাম খলিল আল-হাইয়ার যমজ ভাই। ২০২৫ সালে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় হামাম নিহত হয়েছিলেন। জুলাই মাসে হামাসের শীর্ষ পদ পাওয়া খলিল আল-হাইয়া নিজেও কাতারের সেই হামলায় অল্পের জন্য বেঁচে যান। 

এর আগে বৃহস্পতিবার গাজায় ইসরাইলি হামলায় ১০ জন নিহত হওয়ার পর খলিল আল-হাইয়া সম্ভাব্য পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হামাসের

এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরাইলি বাহিনী একটি আবাসিক ফ্ল্যাটে এই হামলা চালিয়েছে। সংগঠনটি এই আক্রমণকে খলিল আল-হাইয়ার বিরুদ্ধে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের দেয়া সাম্প্রতিক হুমকির বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। 

হামাসের অভিযোগ, তেল আবিব ২০২৫ সালের গাজা যুদ্ধবিরতি চুক্তি বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে এবং চলমান এই আগ্রাসনের সব দায়দায়িত্ব ইসরাইলকেই বহন করতে হবে।