চশমা চুরির সময় নিজের ভিডিওতেই ক্যামেরাবন্দি চোর!

চশমা চুরির সময় নিজের ভিডিওতেই ক্যামেরাবন্দি চোর!

সংগৃহীত ছবি

কানাডার কুকসটাউনের একটি চশমার দোকান থেকে অত্যাধুনিক স্মার্ট গ্লাস চুরি করতে গিয়ে অদ্ভুত এক বিপাকে পড়েছেন এক ব্যক্তি। চশমাটি পরখ করে দেখার সময় নিজের অজান্তেই সেটির ভিডিও রেকর্ডিং চালু করে ফেলেছিলেন তিনি। আর সেই ভিডিওর সূত্র ধরেই এখন তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

স্থানীয় সাউথ সিমকো পুলিশের দেওয়া তথ্যমতে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ২০২৬ সালের ১১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে। কুকসটাউনের একটি চশমার দোকানে প্রবেশ করে ওই ব্যক্তি বিক্রয়কর্মীদের কাছে একজোড়া ‌‘রে-ব্যান মেটা’ স্মার্ট গ্লাস পরে দেখার অনুরোধ জানান।

পুলিশ জানায়, চশমাটি চোখে দেওয়ার পর ওই ব্যক্তি অত্যন্ত কৌশলে দোকানকর্মীদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেন। এই সুযোগে তিনি আসল স্মার্ট গ্লাসজোড়া সরিয়ে নিজের সঙ্গে আনা নকল একজোড়া চশমা সেখানে রেখে দেন। এরপর অত্যন্ত স্বাভাবিকভাবে দোকানকর্মীদের হাতে নকল চশমাটি ফিরিয়ে দিয়ে তিনি দ্রুত দোকান ত্যাগ করেন।

ঘটনার কিছুক্ষণ পর দোকানকর্মীরা বিষয়টি বুঝতে পারেন এবং আসল চশমাটি বদলে ফেলা হয়েছে বলে নিশ্চিত হন। এরপর তারা ওই স্মার্ট গ্লাসটির সঙ্গে আগে থেকে যুক্ত (পেয়ার করা) থাকা একটি ডিজিটাল ডিভাইস পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠেন। দেখা যায়, চশমাটি পরখ করার সময় অভিযুক্ত ব্যক্তি নিজের অজান্তেই সেটির ভিডিও রেকর্ডিং ফিচারটি চালু করে ফেলেছিলেন। ফলে চোরাই চশমাটি পরা অবস্থায় তার নিজের ভিডিও ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে দোকানের ওই যুক্ত ডিভাইসটিতে আপলোড হয়ে গেছে।

অপ্রত্যাশিত এই প্রযুক্তির কল্যাণে তদন্তকারীদের হাতে এখন অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার মতো স্পষ্ট প্রমাণ রয়েছে। সাউথ সিমকো পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির স্পষ্ট ছবি ও ভিডিও ফুটেজ হাতে পেয়েছেন এবং তাকে শনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়ে সেগুলো প্রকাশ করেছেন।

ঘটনাটি প্রসঙ্গে সাউথ সিমকো পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাধারণত অপরাধীরা অপরাধ করার পর নিজেদের কোনো চিহ্ন বা প্রমাণ না রাখার চেষ্টাই করে। কিন্তু এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজের অজান্তেই তার পুরো অপকর্মের ভিডিও ধারণ করে রেখেছেন।

তদন্তের স্বার্থে এবং অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে সাউথ সিমকো পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে। প্রকাশিত ছবি ও ভিডিও দেখে কেউ ওই ব্যক্তিকে চিনতে পারলে বা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অবিলম্বে সাউথ সিমকো পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি