দরজা আটকে আগুন দেওয়ার অভিযোগ, দগ্ধ বৃদ্ধ হাসপাতালে
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঘরের দরজায় লোহার চেইন দিয়ে বাইরে থেকে আটকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে আজিজুল হক (৬১) নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর আকুবদন্ডী গ্রামের মৌলানা অলি আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আজিজুল ওই বাড়ির বাসিন্দা।
বাড়ির বাসিন্দাদের অভিযোগ, শনিবার মধ্যরাতে আগুনের শিখা দেখে সামনে গিয়ে দেখেন আজিজুলের টিনশেড সেমিপাকা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখনো আজিজুল হক ঘরের ভেতরে ছিলেন। তখন দরজা খুলতে গিয়ে দেখা যায় বাইরে থেকে লোহার চেইন দিয়ে আটকানো। পরে বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম, ছাবের আহমেদসহ কয়েকজন গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বাড়ির বাসিন্দাদের দাবি, সম্পত্তির বিরোধ নিয়ে কেউ পরিকল্পিতভাবে ঘরে আগুন দিতে পারে। আহত আজিজুল সুস্থ হলে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হবে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অলক চাকমা জানান, শনিবার দিবাগত রাতে আগুন লাগার খবর পেয়ে রবিবার ভোর ৩টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ প্রসঙ্গে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, পুলিশ আগুন লাগার খবর জানতে পেরেছে। তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।