রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকদের সতর্কতায় রক্ষা পেল দুটি ট্রেন
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুর ও বিরলে রেললাইনে আগুন জ্বালিয়ে এবং বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ট্রেনচালকদের তাৎক্ষণিক সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রী ও রেলকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের কাছে এবং বিরল উপজেলার কাঞ্চন জংশনে এসব ঘটনা ঘটে।
রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে রাখে দুর্বৃত্তরা। এ সময় চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লাইনের ওপর আগুন দেখতে পান চালক। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন তিনি। নিরাপত্তার কারণে কিছু সময় সেখানে অবস্থান করে ট্রেনটি। পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের কর্মীরা লাইনের ওপরের আগুন নিভিয়ে দিলে কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশে যাত্রা করে নীলসাগর এক্সপ্রেস।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, রাত সোয়া ১১টার দিকে বিরল উপজেলার কাঞ্চন রেলজংশনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। দূর থেকে আগুন দেখতে পেয়ে সতর্কতার সঙ্গে একতা আন্তঃনগর ট্রেনের চালক হিরু মিয়া ট্রেনটি থামান। পরে যাত্রীদের মধ্যে আতঙ্ক এড়াতে বস্তু দুটি দিনাজপুরে নিয়ে এসে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার জিয়াউর রহমান জিয়া জানান, বস্তু দুটির ভেতরে বালুর মতো পদার্থ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল।
দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনে আগুন জ্বালিয়ে ও বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছিল। চালকদের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বোমাসদৃশ বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।