শ্রীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, গ্রেফতার ৫

শ্রীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, গ্রেফতার ৫

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক জাহিদ রহমানকে অপহরণের পর গজারি বনে নিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানায়, নগদ টাকার প্রয়োজন মেটাতে জাহিদকে হত্যার পরিকল্পনা করেন তার পূর্বপরিচিত কয়েকজন। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ এবং সেটি বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভাটিচন্নাপাড়া গ্রামের ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর থানার ভামনগাঁও গ্রামের মো. হাবিবুল্লাহ (২৭), একই থানার কাজীপাড়া খাদ্যগুদাম এলাকার মো. আলমগীর হোসেন আলম (৩৪), কাপাসিয়ার নলীপলাম গ্রামের মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া বড়াইয়া পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০)।

পুলিশ সুপার জানান, গত ২৫ নভেম্বর সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে কাপাসিয়া থানার কেওয়া ঘাট থেকে যাত্রীসহ লতিফপুর-গোসিংগার দিকে রওনা হন জাহিদ রহমান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুরের সাভারচালা পশ্চিমপাড়ায় বন বিভাগের গজারি বনের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার হাত-পা, মুখ ও গলা রশি দিয়ে বাঁধা ছিল।

এ ঘটনায় জাহিদের বাবা শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ নভেম্বর শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, নিহত জাহিদের সঙ্গে আসামি ইন্তাজের পূর্বপরিচয় ছিল। নগদ টাকার প্রয়োজন হওয়ায় ইন্তাজ ও তার সহযোগীরা জাহিদকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে ইন্তাজ জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলো মোড়ে আসতে বলেন। এ সময় হাবিবুল্লাহ রশি কিনে রাখেন।

পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে তাকে গজারি বনে নিয়ে যান। সেখানে রশি দিয়ে তার হাত-পা বেঁধে এবং গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এরপর তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। পরে আলমের সঙ্গে যোগাযোগ করে জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করেন এবং বিক্রির টাকা ভাগাভাগি করে নেন।

পিবিআই জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

পিবিআই গাজীপুর জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, জাহিদ তার পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ ঘটনায় পরিবারটি অনিশ্চয়তার মুখে পড়েছে। অপরাধীরা নির্জন স্থানে অপরাধ করে পার পেয়ে যাবে বলে ভেবেছিল। তবে পিবিআইয়ের পেশাদার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার এবং আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।