গাইবান্ধায় ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

গাইবান্ধায়  ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০ বোতল ফেন্সিডিল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার একবারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ।গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট সদরের গিয়াস উদ্দিন (৬০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রিদয় কুমার কুন্ডু (২৩)।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু নাঈম মো. কাজী নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় পৃথক দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে দুজনের কাছ থেকে ১০ বোতল করে মোট ২০ বোতল ফেন্সিডিল জব্দসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।