বায়ুদূষণের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
ফাইল ছবি
ঢাকা বাতাস আজ ছুটির দিনেও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
শনিবার (১৬ নভেম্বর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল সাড়ে ৯টার তথ্যানুযায়ী, ২৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। আজ লাহোরের স্কোর ৭৬৬। এছাড়া ৭২০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোর ১৯১।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।