কুষ্টিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

কুষ্টিয়ার খোকসায় দাদির চল্লিশা অনুষ্ঠান চলাকালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে দেড় বছরের নাতির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে শিশু রাইসা খাতুন মারা যায়।

নিহত ১৮ মাস বয়সের শিশু পাইকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছোট মেয়ে।নিহত শিশুর মামা কামাল আলী জানান, রবিবার বাড়িতে আবু বক্করের মৃত মায়ের চল্লিশার অনুষ্ঠান চলছিল।

বেলা আড়াইটার দিকে শিশু রাইসার মা রেশমী খাতুন মেয়ের সন্ধ্যান করতে থাকে। এক পর্যায়ে নিজের বাড়ির সাথের পুকুরের পানিতে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, নিহত শিশুর বাবা-মার পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ছাড়া তারা দাবি করেন, এদিন তাদের বাড়িতে চল্লিশার অনুষ্ঠান চলছিল। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।