কালুখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কালুখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ছবি : প্রতীকি

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সাগর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের ফজলু মন্ডলের ছেলে। 

গতকাল রবিবার বিকালে কালুখালী উপজেলার রেলগেট মাদ্রাসা এলাকায় বসে কথা বলছিলেন সাগর। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সাগরকে আটক করে কালুখালী থানা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে।

আজ সোমবার দুপুরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন সাগর মন্ডলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগর মন্ডল এজাহার নামীয় আসামী নয়। ২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ মো. রিপনকে সভাপতি ও সাগর মন্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট, শনিবার ২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নামোল্লেখসহ ৫২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। মামলায়  ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।