ননস্টিকের পাত্র দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখার উপায়
ফাইল ছবি
অনেকেই রান্নাঘরে বেশি সময় কাটাতে পছন্দ করেন না। মনে করেন দ্রুত রান্না করে বের হতে পারলেই বাঁচে। অন্যান্য পাত্রের চেয়ে ননস্টিকের কড়াইয়ে তুলনামূলক ভাবে দ্রুত রান্না হয়। শুধু তাই নয়, ননস্টিক কড়াইয়ে রান্না করলে তেলও অনেক কম পরিমাণে লাগে। তাই স্বাস্থ্যের কথা ভেবেও অনেকেই রান্নাঘরে এই ধরনের কড়াই ব্যবহার করেন।
তবে কিছু দিন রান্না করার পরেই নন-স্টিকের পাত্র পরত উঠে নষ্ট হয়ে যায়। আর এগুলো নষ্ট হয়ে গেলে তা আর ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে একটু যত্ন নিলেই দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সাধের নন-স্টিকের পাত্রগুলো।
ননস্টিক পাত্র পরিষ্কার করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন—
(১) অনেকেই গ্যাসের আঁচ থেকে নামিয়ে পাত্রটি পানির নিচে রেখে দেন। এই অভ্যাসটি মোটেও ভালো নয়। গরম পাত্র ধোবেন না। পাত্রটি ঘরের তাপমাত্রায় আসার পর ধুয়ে নিন।
(২) বেশি জোরে জোরে মাজা-ঘষা করবেন না। হালকা সাবান-পানি দিয়ে মেজে নিন।
(৩) পাত্রগুললো পরিষ্কার করার সময়ে নরম কিছু ব্যবহার করুন। স্পঞ্জ বা কাপড় ব্যবহার করতে পারেন। তার জাতীয় কোনও জিনিস ভুলেও ব্যবহার করবেন না।
(৪) নন-স্টিকের বাসন ধোওয়ার পর, মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। তারপর অন্য ধাতব বাসনপত্র থেকে আলাদা করে রাখুন। এতে নন-স্টিকের পাত্রে আঁচড় পড়বে না।