বরিশালে এলএনজি বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে মানববন্ধন
সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের বিশেষ আইনের অধীনে স্থগিত থাকা সকল এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ভিত্তিক বন্ধ বিদ্যুৎকেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়। প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে।
এ সময় বক্তারা সকল স্থগিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থায়ীভাবে বাতিল, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিবেশগত মূল্যায়ন এবং জনগণের মতামত গ্রহণের দাবি জানান।
বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্তের সভাপতিত্বে বক্তৃতা দেন পরিবেশকর্মী শুভংকর চক্রবর্তী, আরোহির নির্বাহী পরিচালক খোরশেদ আলম, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা প্রমুখ।
বক্তারা বলেন, বিশেষ আইনের অধীনে অনুমোদিত এই প্রকল্পগুলো জনস্বার্থের বিরুদ্ধে এবং দেশের পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী হুমকি স্বরূপ। এলএনজি আমদানিসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, যা দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে স্থানীয় জীববৈচিত্র ধ্বংস হবে এবং কৃষিজমির ক্ষতি হবে। পাশাপাশি, উচ্চ বিদ্যুৎ উৎপাদন খরচের কারণে জনগণকে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।