বশেমুরবিপ্রবিতে মাদক সেবনের সময় ১০ বহিরাগতকে পুলিশে সোপর্দ
সংগৃহীত
মাদক সেবনের সময় ২০ বহিরাগতকে আটক করে ১০ জনকে পুলিশে সোপর্দ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) প্রক্টরিয়াল বডি। প্রশাসন ২০ জনকে আটক করলেও ১০ জন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের অভিভাবককে ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ইভটিজিং করায় এক ইজিবাইক চালককে আটক করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করেন।
জানা যায়, তারা রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়, নির্মাণাধীন কফি হাউজে গাঁজা সেবন করছিলেন। এ সময় মাদক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের গঠিত কমিটি তাদেরকে আটক করে।
এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, আমরা চেষ্টা করছি ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার জন্য। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুত বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মাদকমুক্ত হবে।