ছেলেকে আটকে রেখে বাবাকে পিটিয়ে মারল প্রতিবেশী
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. নুরুল হক বাবুল (৬০) নামে এক কৃষককে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. নুরুল হক বাবুল উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেদির বাড়ের বাড়ির মৃত আনোয়ার উল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতে ছেলে নুরুল আমিন স্বপন অভিযোগ করে বলেন, গত ১৩ বছর আমাদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশী মুন্নার সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সামাজিকভাবে সালিশ-বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। ওই সালিশে ৩৩ শতাংশ জায়গার মধ্যে আমাদেরকে ১০ শতাংশ জায়গা দেওয়া হয়। বাকি ২৩ শতাংশ জায়গা মুন্নাকে দেওয়া হয়। এখন মুন্না বলে, তিনি সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানে না।
এরপর শুক্রবার বিকেলে মুন্না আমাদের জায়গার সামনে অংশের জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করে। খবর পেয়ে বাবা আর আমি ঘটনাস্থলে যাই। সেখানে আমাকে আটকে রেখে মুন্না, রাব্বি, রনি, নজরুল, জাহাঙ্গীর ও নুরুল হুদা আমার বাবার সঙ্গে হাতাহাতি শুরু করে। একপর্যায়ে কোদাল দিয়ে বাবার কাঁধে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার এসআই কাজী জাকারিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আসে।
বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।