ভাঙ্গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
ছবি : প্রতীকি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা মো. আসলাম খান (৪২) ও ভাঙ্গা পৌর যুবলীগের সভাপতি ও ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লার বাসিন্দা মো. জাকারিয়া মাতুব্বর (৪৮)।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে গত ১১ নভেম্বর ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ আওয়ামী লীগের ৫৯ জন নেতা -কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, ককটেল হামলার ঘটনায় সদ্ধিগ্ধ আসামি হিসেবে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।