পাকিস্তানের ৬০ কোটি ডলারের ঋণ বাতিল বিশ্বব্যাংকের

পাকিস্তানের ৬০ কোটি ডলারের ঋণ বাতিল বিশ্বব্যাংকের

ফাইল ছবি

জাতীয় বাজেটের উন্নয়ন খাতের জন্য পাকিস্তানকে প্রতিশ্রুত ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করেছে বিশ্বব্যাংক। বিশ্বের বৃহত্তম এই ঋণদাতা সংস্থা এক বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, চলতি অর্থবছরে পাকিস্তানকে আর কোনো প্রকার বাজেটবিষয়ক ঋণ দেওয়া হবে না। 

শুক্রবার দেশটির দৈনিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, যেসব শর্তের সাপেক্ষে পাকিস্তানকে এই ঋণের প্রতিশ্রুতি বিশ্বব্যাংক দিয়েছে সেসবের প্রায় কোনোটিই পূরণ করতে পারেনি পাকিস্তানের সরকার। 

বিশ্বব্যাংকের এই পদক্ষেপ অর্থ সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা। কারণ বাজেটবিষয়ক ঋণপ্রাপ্তির পর নতুন আরও ২০০ কোটি ডলার ঋণের জন্য আবেদন করার পরিকল্পনা ছিল ইসলামাবাদের। কিন্তু বাজেট ঋণ বাতিলের জেরে নতুন ঋণের জন্য আবেদনের পরিকল্পনাও কার্যত ভেস্তে গেল দেশটির। 

পাকিস্তানের পরিবেশবান্ধব জ্বালানি খাত উন্নয়নের জন্য প্রস্তাবিত এই ঋণ প্রদানের কথা ছিল বিশ্বব্যাংকের। ২০২১ সালে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও ব্যবহারসংক্রান্ত পাকিস্তানের সরকারি প্রকল্প অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি প্রোগ্রামের (পেস) অনুমোদন দেয় বিশ্বব্যাংক। 

পাশাপাশি প্রকল্প গড়ে তুলতে প্রাথমিকভাবে ১০০ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতিও দেয়। সেই ঋণের প্রথম কিস্তি হিসাবে ইতোমধ্যে ৪০ কোটি ডলার পেয়েছেও পাকিস্তান। চলতি ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে ৬০ কোটি ডলার আসার কথা ছিল।