বাউফলে বিজয় র‌্যালিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

বাউফলে বিজয় র‌্যালিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র‌্যালিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন - উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয় রায়হান এবং ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান।

এদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনার খবর পেয়েছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।