অপহরণ হয়েছিলেন সেই দুই বোন, অবশেষে উদ্ধার
ছবি : সংগৃহীত
রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ দুই বোনকে অপহরণ করা হয়েছিল। তাদের রাখা হয়েছিল পটুয়াখালীর দশমিনা এলাকায়। অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে র্যাব। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ধরতে কাজ করছে বাহিনীটি।
মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস। তিনি জানান, উদ্ধারের পর দশমিনা থানা পুলিশের কাছে দুই বোনকে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর কদমতলী এলাকা থেকে ১৪ ডিসেম্বর নিখোঁজ হন দুই বোন। তাদেরকে অপহরণ করা হয়েছিলো। র্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে তাদের উদ্ধার করে।
লে. কর্নেল মুনীম বলেন, ঘটনার দিন দুই বোন তাদের নানী ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকার কদমতলীর জাপানি বাজার এলাকায় গিয়ে আর বাসায় ফেরেননি। সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে নিখোঁজের বাবা বাদী হয়ে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাদের দুইজনকে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়। তারা দুইজন অপহৃত হয়েছিলেন। অপহরণকারীদের শনাক্তে র্যাব কাজ করছে।