ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু ২৮ ডিসেম্বর
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এবং বণিক বার্তার যৌথ আয়োজনে অষ্টম নন-ফিকশন বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর (শনিবার)। এই বইমেলা চলবে ৩০ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ বিল্ডিংয়ের আবদুল্লাহ ফারুক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বণিক বার্তার প্রধান প্রতিবেদক মোহাম্মদ বদরুল আলম লিখিত বক্তব্য পাঠ করেন।
আয়োজকরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। মেলার শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রকাশক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি।
মোহাম্মদ বদরুল আলম বলেন, বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে অষ্টমবারের মতো এই নন-ফিকশন বইমেলা আয়োজন করছে। দেশের মধ্যে এটি একমাত্র মেলা, যেখানে শুধু নন-ফিকশন বই নিয়ে আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতি এবং গবেষণাধর্মী বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা।
তিনি আরও জানান, নন-ফিকশন বইমেলা ইতোমধ্যে শিক্ষার্থী ও পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছে এবং বই বিপণনে অভূতপূর্ব সাড়া পেয়েছে। দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশগ্রহণ করছে। এবছর মেলায় ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিচ্ছে।
এছাড়া, প্রতি বছর নন-ফিকশন বইমেলায় ২০ শতাংশ ছাড় দেওয়া হলেও, এবার প্রকাশকরা ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি করবেন। মেলায় প্রতিদিন র্যাফল ড্র আয়োজন করা হবে, যেখানে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবে, যার মধ্যে রয়েছে এয়ার টিকিট, স্মার্ট টেলিভিশন, রেফ্রিজারেটর, কিন্ডল, স্মার্টফোনসহ আরও অনেক পুরস্কার।
বইমেলা কর্তৃপক্ষ ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ প্রদান করবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের একটি প্যানেল দুটি নন-ফিকশন বই নির্বাচন করবে, যা মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ পুরস্কৃত হবে।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়া, উপস্থিত থাকবেন ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’-এর বিচারকরা এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, যুগ্ম বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম, বণিক বার্তার বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিংয়ের উপমহাব্যবস্থাপক মঞ্জুর হোসাইন এবং সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।