ওমরা পালনকারীদের জন্য সৌদির নতুন সেবা

ওমরা পালনকারীদের জন্য সৌদির নতুন সেবা

ফাইল ছবি

ওমরা পালনকারীদের বাড়তি সেবা দিতে আরও এক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হারামাইন কর্তৃপক্ষ ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) তাদের দেওয়া ঘোষণা অনুযায়ী, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন ওমরা পালনকারীরা। সংরক্ষণাগারে ব্যাগ সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না। ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট প্রদান করা হবে।

সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরা পালনকারীরা। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পালনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।

সৌদি আরব কর্তৃপক্ষ আগামীতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করছে, যাতে ওমরা পালনকারীদের আরও ভালোভাবে সহায়তা করা যায়।