হাসপাতালে নায়িকা অঞ্জনা, অবস্থা সংকটাপন্ন

হাসপাতালে নায়িকা অঞ্জনা, অবস্থা সংকটাপন্ন

ফাইল ছবি

নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা অঞ্জনা। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

এখন তেমনভাবে চলচ্চিত্রে দেখা যায় না অঞ্জনাকে। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান তিনি।

বর্তমানে এই তারকার অবস্থা এখন ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তিনি। অঞ্জনার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।

নিশাত বলেন, আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আম্মু এখন ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। গত ৬ দিন ধরে হাসপাতালে আছেন তিনি।

তিনি আরো বলেন, চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে অনেক দিন হাসপাতালেই থাকতে হবে। আরো অনেক ধরনের পরীক্ষা করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। আমি আবারও বলব সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। তিনি এই দেশ ও দেশের চলচ্চিত্র শিল্পকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আমার বিশ্বাস সবার দোয়ায় আবারও চলচ্চিত্র অঙ্গনে হাসিমুখে ফিরবেন তিনি।