জাবিতে মাদকবিরোধী র্যালি ও পথসভা
সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মাদককে লাল কার্ড’ এবং ‘মাদক নয় মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই’ স্লোগানে মাদকবিরোধী ও সচেতনতামূলক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে মাদকবিরোধী র্যালিটি শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে পথসভা করেন তারা। সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের ব্যানারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সভা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি দেওয়া হয়। দাবিসমূহ হলো- মাদকাসক্তি প্রতিরোধে অতিদ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সেল গঠন করতে হবে; মাদক প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট সিস্টেম চালু করতে হবে এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে এর অন্তর্ভুক্তি করতে হবে; ক্যাম্পাসের যেসব দোকান ও পয়েন্টগুলোতে মাদকের সাপ্লাই দেওয়া হয় সেগুলোর ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে; মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব বিভাগ ও হলগুলোতে মাদকবিরোধী সচেতনামূলক কাউন্সিলিং সভার আয়োজন করতে হবে।
পথসভায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।