জবি শিক্ষার্থীর উপর ছাত্রদলের হামলার বিচার দাবি
সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র মো. জিহানকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার সময় তারা বিক্ষোভ মিছিল করেন। এ দিন বিক্ষোভ শেষে তারা প্রক্টর বরাবর অভিযোগপত্র জমা দেন এবং আগামী সোমবারের মধ্যে হামলাকারীর বিচার চান শিক্ষার্থীরা।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ জিহান বলেন, আমরা আজ ৩টার সময় প্রক্টর স্যারের কাছে যাই এবং লিখিত অভিযোগ দিয়ে আসি। আমরা স্যারের কাছে আগামী সোমবারের মধ্যে বিষয়টি দ্রুত, সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছি। স্যার আমাদের অভিযোগপত্রটি গ্রহণ করেছেন এবং বিষয়টি দ্রুত, সুষ্ঠু তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আজ অভিযোগপত্র দিয়েছে শিক্ষার্থীরা। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ১লা জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইইআর ভবনের সামনে ছাত্রদলের দুই গ্রুপের বাকবিতন্ডার ভিডিও করছে এমন সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ জিহানের উপর অতর্কিত হামলা করে ছাত্রদলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান হোসেন।