সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ছবিঃ সংগৃহীত।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহলদল চোরাই পণ্যের চালানগুলো জব্দ করে।

বিজিবি জানায়, সিলেটের মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং সুনামগঞ্জের বাংলাবাজার ও লাফার্জ সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, নিষিদ্ধ ঔষধ, জব্দ করে।

এছাড়াও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, ও শিং মাছ জব্দ করা হয়। পাশাপাশি চোরাচালানকাজে ব্যবহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়। জব্দকৃত চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাই পণ্যের চালান জব্দ করা হয়েছে।