রেসিপি: ডিমের কোফতা কারি

রেসিপি: ডিমের কোফতা কারি

ফাইল ছবি

কম বেশি সবাই ডিম খেতে ভালোবাসেন। আর এর পুষ্টিগুণ অনেক। ডিম দিয়ে একাধিক রেসিপি তৈরি করা যায়। যেভাবেই ডিমের রেসিপি তৈরি করেন না কেন খেতে কিন্তু দারুণ হয়। তবে প্রতিদিন একই রেসিপি ভালো নাও লাগতে পারে। আর তাই এবার সেই একঘেঁয়েমি কাটাতে বাড়িতে বানাতে পারেন ডিমের কোফতা কারি।

চলুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন এই রেসিপি-

উপকরণ

সেদ্ধ ডিম-৪টি 
সেদ্ধ আলু-৩টি 
পেঁয়াজ মিহি করে কুচি করা-১টি
পেঁয়াজ বাটা-১টি 
আদা রসুন বাটা-১/২ চা চামচ 
টমেটো কুচি-১টি 
বেসন-২ চা চামচ 
হলুদ গুঁড়া-১/২ চা চামচ 
জিরা গুঁড়া-১/২ চা চামচ 
লবণ ও চিনি-স্বাদ অনুযায়ী 
মরিচ গুঁড়া-১/২ চা চামচ 
সরিষার তেল-পরিমাণমতো 
গরম মসলা গুঁড়া-১/২ চা চামচ 

প্রণালি

প্রথমে ডিম, আলু সেদ্ধ করে নিতে হবে। এবার একটা গ্রেটার দিয়ে ডিম ও আলু গুলোকে গ্রেট করে নিতে হবে। এরপর এর মধ্যে মিহি করে কুচি করা পেঁয়াজ, সামান্য আদা রসুন বাটা,লবণ,গরম মসলার গুঁড়া,বেসন দিয়ে ভালো করে মেখে বলের মতো তৈরি করে নিতে হবে। 

কড়াইতে তেল গরম করে কোফতা গুলো লাল করে ভেজে নিতে হবে। এবার একই তেলে গোটা গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে আদাবাটা,রসুনবাটা,টমেটো বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। 

এরপর লবণ, চিনি দিতে হবে। মসলা থেকে তেল ছাড়লে গরম পানি দিয়ে দিতে হবে। পানি ফুটে উঠলে কোফতা গুলো দিয়ে কিছুক্ষণ ফুঁটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের কোফতা কারি। রুটি, বা ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের কোফতা করি।