হজমশক্তি বাড়াতে খাওয়ার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
ফাইল ছবি
হজমের সমস্যায় ভোগেন অনেকেই। আর এই কারণে যা-ই খাচ্ছেন, খাওয়ার পর গ্যাস-অম্বলের সমস্যায় ভুগতে হচ্ছে। হজমের ওষুধ যেন নিত্যসঙ্গী। অথচ টুকটাক শরীরচর্চাও করেন, তেমন তেল-মসলা দেওয়া খাবার খান না। তা-ও এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনও লক্ষণ নেই।
পুষ্টিবিদদের মতে, শুধু শরীরচর্চা বা সেদ্ধ খাবার খাওয়া নয়, খাওয়ার সময়ে, আগে বা পরে এমন কিছু অভ্যাস হজমের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যে অভ্যাসগুলোকে আমরা ভুল বলে মনেই করিনি কখনও।
হজমের সমস্যাকে বাড়িয়ে তোলে এমন কোন কোন অভ্যাস?
১. খাবার ভালো করে চিবিয়ে না খেলে হজমের নানা রকম সমস্যা হতে পারে। পেটের মধ্যে গিয়ে খাবার বিভিন্ন উৎসেচকের সঙ্গে মিশে টুকরো টুকরো হয়ে যায় ঠিকই। কিন্তু ভালো করে চিবিয়ে না খেলে খাবারের বড় বড় টুকরাগুলো ভাঙতে সময় লেগে যায়। সেখান থেকে বদহজমের সমস্যা হতে পারে।
২. অনেকেরই খাবার খাওয়ার পর চা, কফি খাওয়ার অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পর ক্যাফিন জাতীয় কোনও পানীয় খাওয়াই অনুচিত। এতে গ্যাস, অম্বলের সমস্যা আরও বেড়ে যায়। যদি খেতেই হয়, তবে অন্তত পক্ষে দু-ঘণ্টা পর খাওয়া যেতেই পারে।
৩. খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার অভ্যাস অনেক বাড়িতেই রয়েছে। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস কিন্তু শরীরে ক্যালরির পরিমাণ বাড়িয়ে তোলে। রক্তে র্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার পিছনেও দায়ী এই অভ্যাস।
৪. কারও মতে খালি পেটে ফল খাওয়া ভালো আবার কারও মতে ভরা পেটে ফল খাওয়া ভালো।কিন্তু পুষ্টিবিদদের মতে, ফল যদি খেতেই হয়,তাহলে সকালে নাশতা খাওয়ার পর খেয়ে নেয়াই ভালো।নয়তো পেটের সমস্যা হতে পারে।
৫. খুব বেশি পেট ভরে গেলে আর বসে থাকতে পারেন না? এই অভ্যাসই আপনার হজমের সমস্যার মূলে। খেয়ে উঠেই শুয়ে না পড়ে কিছুক্ষণ বসে থেকে বা হাঁটাহাটি করলে খাবার হজম হয় তাড়াতাড়ি।