প্রক্টরের পর এবার জাবির চার সহকারী প্রক্টরের পদত্যাগ
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক রাশেদুল আলমের পদত্যাগের পর চার সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের পর দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তারকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম প্রক্টর পদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে, সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি চাওয়ায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পৃথক এক অফিস আদেশে গত ২৯ জুলাই দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই তারিখে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।