রাবিতে 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি; বাহ্যিক গতিশীলতা ও অভ্যন্তরীণ রুপান্তর' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ডিন'স কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকরা।
এ সময় সভাপতির বক্তব্যে ড. মো. শরিফুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং বিশ্বব্যাপী সাম্প্রতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বোঝা অপরিহার্য হয়ে পড়েছে। যেহেতু উন্নত জ্ঞানই উন্নত অনুশীলনে রূপান্তরিত হয়, তাই শিক্ষার্থীদের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা উচিত যা বাংলাদেশের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ তৈরি করে। উদাহরণস্বরূপ মিয়ানমারের সাম্প্রতিক ঘটনাবলি বাংলাদেশকে নানাভাবে প্রভাবিত করে। বাংলাদেশের জাতীয় স্বার্থ উন্নীত করার জন্য বর্তমান সরকারের অধীনে মাইগ্রেশন এবং ব্লু ইকোনমি কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।
সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড.নিলয় রঞ্জন বিশ্বাস বাংলাদেশের ফরেন পলিসির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট, নতুন বাংলাদেশের রূপরেখা, তরুণদের ভূমিকা, জিও পলিটিক্স এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে বিস্তারিত ধারণা দেন।
পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পলিসি মেকিংয়ে রিফর্মেশন দরকার বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শেষাংশে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।