নোবিপ্রবিতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
সংগৃহীত
শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা এবং ব্যবসায়িক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ চতুর্থ বর্ষ ও এমবিএ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “চাকরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে তারা শুধু নিজেদের কর্মসংস্থানই সৃষ্টি করবেন না, অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে নোবিপ্রবি কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং ভবিষ্যতে স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিসিকের কার্যক্রম সম্পর্কে অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ বলেন, সারা দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে বিসিক। দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে মোট ৮৪টি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, “শুধু প্রশিক্ষণ দিয়েই বিসিকের কার্যক্রম সীমাবদ্ধ নয়। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা যাতে অর্থসংকটে না পড়েন, সে জন্য বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ৫ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিয়ে থাকে।” বিসিকের প্রশিক্ষণ নিয়ে দেশে স্কয়ার, হ্যামকো ব্যাটারিসহ অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ চতুর্থ বর্ষ ও এমবিএ শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম মাসুদ।
আইকিউএসি পরিচালক অধ্যাপক আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসন অফিসের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, সাধারণ ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন, প্রধান অনুষদ সদস্য মো. শওকত হাসান এবং সহযোগী অনুষদ সদস্য ও কোর্স সমন্বয়কারী রবীন চন্দ্র রায়।