দক্ষিণ লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় নিহত ৩

সংগৃহীত

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে থামছে না ইসরাইলি হামলা। ওয়াশিংটনে তেলআবিব-বৈরুত আলোচনার শেষ দিনেও দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এদিকে লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরাইল। ইরান হামলা চালালে পূর্ণ শক্তিতে জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, অন্যদিকে চলছে নতুন হামলা ও দখলদারিত্ব ধরে রাখার ঘোষণা। ওয়াশিংটনে সমঝোতার চেষ্টা চললেও দক্ষিণ লেবাননে প্রাণহানি অব্যাহত রেখেছে ইসরাইল। স্থানীয় সময় বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

একই দিনে আইন আরাব শহরে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়ার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত চার হাজারের বেশি নিহত মানুষ নিহত হয়েছেন। আহত ১২ হাজারের বেশি।

এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওয়াশিংটনে টানা তিনদিনের আলোচনায় অংশ নেন ইসরাইল ও লেবাননের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনার মূল বিষয় ছিল, সংঘাতের সময় দখল করা কিছু এলাকা লেবাননের সেনাবাহিনীর কাছে ধাপে ধাপে হস্তান্তর করা। 

দুপক্ষ একটি প্রাথমিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে মাঠপর্যায়ে এখনো ইসরাইলি সেনা প্রত্যাহারের কোনো দৃশ্যমান লক্ষণ নেই বলে হতাশা ব্যক্ত করেছেন বৈরুতের কর্মকর্তারা।

লেবানন, সিরিয়া ও গাজায় দখলকৃত নিরাপত্তা অঞ্চলে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। আলোচনায়ও নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেয়নি তেল আবিব।

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ঘোষণা দিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে সেনা সরানো হবে না। একই অবস্থান তুলে ধরে সীমান্তের কাছে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ইসরাইলি কর্মকর্তারাও। বলেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। 

এদিন ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, অতীতে গোলাবারুদ সরবরাহ বন্ধের মতো আন্তর্জাতিক চাপ মোকাবিলা করেও ইসরাইল নিজেদের অবস্থান থেকে সরে যায়নি। কোনো কারণে ইরান হামলা চালালে তেহরানকে পূর্ণ শক্তিতে জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।