আটক ইবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রশাসনের মামলা, আদালতে প্রেরণ
ছবি: প্রতিনিধি
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে আটক হওয়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ইবি থানায় এ মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮, ১০ ও ১২ ধারায় এ মামলা করা হয়েছে। থানার মামলা নং ৯।
এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দিয়েছে। থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে৷
এর আগে সোমবার পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগ নেতা মামুন। পরে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের থেকে উদ্ধার করে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করে। মামুনের বিরুদ্ধে প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরোধীতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং আন্দোলন পরবর্তী সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা এই মামলা ছাড়াও মামুনের নামে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি মামলা রয়েছে। কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর গত ৩০ অক্টোবর সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামুন মামলার ১৮ নম্বর আসামি। গত ৩১ ডিসেম্বর ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। পরবর্তীতে ৭ জানুয়ারি সে জামিন পায়।