যবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক হোসাইন আল মামুন
অধ্যাপক ড. হোসাইন আল মামুন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হোসাইন আল মামুন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী চার বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১–এর ১০ (১) ধারা অনুসারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হোসাইন আল মামুনকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হয়েছে। ট্রেজারার পদে তাঁর নিয়োগে মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি ভাতা এবং সকল সুযোগ সুবিধা পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. হোসাইন আল মামুন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।