শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর তার অপেশাদার আচরণের জন্য ১৯ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এছাড়া, মিরপুর বিভাগের সাবেক এডিসি মইনুল ইসলাম এবং উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আটক আন্দোলনকারী নিজেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘চুপ, একটা কথা বলবি তোকে মেরে ফেলব।’