বাসারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় রাশিয়ার প্রতিনিধি দল

বাসারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় রাশিয়ার প্রতিনিধি দল

ছবিঃ সংগৃহীত

মিত্র বাশার আল-আসাদের পতনের পর প্রথমবারের মতো সিরিয়া সফরে গেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল।

রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিনিধি দলে উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ, যিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি এবং সিরিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার লাভরেন্তিয়েভও রয়েছেন।

ডিসেম্বরে বিদ্রোহীদের অগ্রগতির মুখে আসাদের পালিয়ে যাওয়ার পর এটি দামেস্কে রুশ কর্মকর্তাদের প্রথম সফর।

মস্কো ছিল আসাদের অন্যতম সমর্থক। ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে তার পক্ষে হস্তক্ষেপ করেছিল দেশটি। ক্ষমতাচ্যুত হওয়ার পর আসাদ এবং তার পরিবার রাশিয়ায় পালিয়ে যায়।

রাশিয়া এখন সিরিয়ার তারতুসে নিজেদের নৌ ঘাঁটি এবং খমেইমিমে বিমান ঘাঁটির ভাগ্য নিশ্চিত করতে চাইছে।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কূটনীতিকরা ডিসেম্বরে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে দেখা করেছেন।

সূত্র: এএফপি