পরশুরামে ভারতীয় হুইস্কিসহ মাদক কারবারি গ্রেফতার
সংগৃহীত
ফেনীর পরশুরামে ভারতীয় হুইস্কিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২ ফেব্রুয়ারি) মো. হেলাল হোসেনকে (৩১) হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিদর্শক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
হেলাল পরশুরাম পৌরসভার বাউরখুমা তালুক এলাকার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল ফেনীর পরশুরামে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতঘর থেকে ৬২টি পলি প্যাকেটে, প্রতি প্যাকেটে ১৮০ এমএল করে মোট ১১ লিটার ভারতীয় অফিসার্স চয়েজ নামের হুইস্কিসহ হেলালকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপপরিদর্শক মো. আবু তাহের জানান, গ্রেফতার হেলালের বিরুদ্ধে ইতোপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে।