ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই
সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অপহরণ মামলার আসামি ধরে গাড়িতে ওঠার সময় সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয় জনতা। এছাড়াও এসময় ঢিল ছুঁড়ে সিআইডি পুলিশের মাইক্রোবাসের গ্লাস ভাঙচুর করার ঘটনাও ঘটেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে হরিপুর উপজেলার বনগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।
ওসি জাকারিয়া মন্ডল বলেন, উপজেলার বনগাঁও বাজার এলাকার নারী শিশু অপহরণ মামলার আসামি সুমনকে (২২) ধরে ঠাকুরগাঁও সিআইডি পুলিশের একটি টিম। এসময় সেই আসামিকে গাড়িতে তুলতে গেলে হাতে গোনা স্থানীয় কয়েকজন লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় এবং সিআইডি পুলিশের একটি মাইক্রোবাসে ঢিল ছুঁড়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে।
খবর পেয়ে হরিপুর থানা পুলিশসহ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার গিয়ে ঘটনাস্থল থেকে সিআইডি পুলিশ সদস্যদের উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে এ ঘটনায় সিআইডি পুলিশের কেউ আহত হয়নি। পরবর্তীতে সিআইডি পুলিশের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।