ফ্যানে ঝুলছিল স্বামী, মেঝেতে পড়ে ছিল স্ত্রীর লাশ
ছবি: সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ির ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার বাইমাইল এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সোহাগ হোসেন এবং তার স্ত্রী মৌ আক্তার বৃষ্টি। সোহাগ সিরাজগঞ্জের তারাশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। বৃষ্টি একই জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সোহাগ কোনাবাড়ী ব্রাক এনজিওতে অ্যাকাউন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসের ১ তারিখে তারা ভাড়া বাসায় উঠেন।
জানা যায়, সকাল থেকে ওই দম্পতির ঘরের দরজা বন্ধ দেখে অন্য ভাড়াটিয়ারা ডাকাডাকি করতে থাকেন। দরজা না খোলায় বিকেলে আবারও ডাকাডাকি করে দরজা ভেতর থেকে বন্ধ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে গৃহবধূ এবং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় তার স্বামীকে ঝুলতে দেখেন।
কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থলে গেছে।