চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দিতে চান শান্ত
ফাইল ফটো
শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। ২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) থেকে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মোকাবেলা করবে টাইগাররা।
শিরোপার জেতার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন অধিনায়ক নাজমুল হাসান হোসেন শান্ত। দুবাইতে পৌছেও তার পুনারাবৃত্তি জানালেন টাইগার এই অধিনায়ক। আসর শুরুর আগেরদিন আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত অধিনায়কদের বার্তায় শান্ত জানান লক্ষ্যের কথা। ২৬ বর্ষী টাইগার তারকার লক্ষ্য, বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয়া।
আইসিসির প্রকাশিত বার্তায় শান্ত বলেন,‘এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে আসার আগে, আমরা সবাই এবার ট্রফি জিততে চেয়েছিলাম, কারণ গত কয়েকটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার আমরা ট্রফি জেতার কথা ভাবতে পারি, কারণ আমরা খুব ভালো দল পেয়েছি। আমরা জানি এটি কঠিন হতে চলেছে, তবে আমরা যদি একটি নির্দিষ্ট দিনে আমাদের পরিকল্পনাগুলো কার্যকর করতে পারি, তবে আমরা জিততে পারি।’
যে গ্রুপে পড়েছেন শান্তরা, সেখান থেকে সেমিফাইনালে ওঠাই তো অনেক কঠিন। তবে বাংলাদেশ অধিনায়ক অনেক আত্মবিশ্বাসী এই টুর্নামেন্ট নিয়ে। এর আগে এক সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না। আমাদের লক্ষ্য আরও বড়। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এটা বলার জন্য বলছি না। সত্যিই বিশ্বাস করি যে আমাদের সেই সামর্থ্য আছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড-এই তিন দলের কাছেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। এবারের চ্যাম্পিয়নস ট্রফি এশিয়ার কন্ডিশনে হলেও সাম্প্রতিক পারফরম্যান্স যে বাংলাদেশের পক্ষে কথা বলছে না। শান্তর মতে টুর্নামেন্টে দারুণ কিছু করতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।