অপারেশন ডেভিল হান্টে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ছবি : প্রতীকি

অপারেশন ডেভিল হান্ট অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী শ্যাম ও বিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘোড়াঘাটে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পৌর এলাকার আজাদমোড় থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর এলাকার কালিতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ পতিত আওয়ামী সরকারের নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

অন্যদিকে বিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিনগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ই জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

তিনি বলেন, এই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুকে গ্রেপ্তার করা হয়।