ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
সংগৃহীত
সম্প্রতি সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে টাঙ্গাইলের প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আহমেদ শেরসা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আল আমিন সিয়াম, এবং যুগ্ম-সদস্য সচিব সেজান আহমেদসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, ‘দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সমাজের জন্য একটি অশনিসংকেত। তাই ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে তৎক্ষণাৎ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, নিশ্চিত করতে হবে।’
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এই কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।